সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতৃবৃন্দ
শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করুন
শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইয়ে অবিচল সংগ্রাম পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ। ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামে অতীতে যেমন সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। তেমনি আগামীতে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম এবং শোষণ মুক্তি ও সমাজতন্ত্র অভিমুখী লড়াইয়ে নিবেদিত থাকবে। সিপিবি সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল শহীদের শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন।
আজ ৬ মার্চ ২০২৬, শুক্রবার, সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সিপিবি ঢাকা জেলার সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমল এবং সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। আলোচনা সভা পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বারবার প্রতারণার শিকার হওয়া বাংলাদেশের সাধারণ মানুষকে লুটেরা পুঁজিবাদী শক্তি, মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই গড়ে তুলতে হবে। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। সিপিবি এই কাজটি নিষ্ঠার সঙ্গে অগ্রসর করবে।
তিনি আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েলি আগ্রাসন ও জায়নবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলা প্রয়োজন। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অন্যায্য বাণিজ্য চুক্তির বিরোধিতা করার আহ্বান জানান এবং বলেন, এসব চুক্তি বাংলাদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী। দেশের বন্দর বা করিডর বিদেশি স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে কমিউনিস্টরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কমিউনিস্টরা শোষণ, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এবং ভবিষ্যতেও এই আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আলোচনা সভা শেষে একটি র্যালি পল্টন থেকে প্রেসক্লাব হয়ে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বার্তা প্রেরক-
(মঞ্জুর মঈন)
সদস্য, কেন্দ্রীয় কমিটি
০১৯২৪১৫০২৫০
